খুঁজুন
                               
, ,
           

গোয়েন্দাদের রুদ্ধশ্বাস প্রচেষ্টায় ধরা পড়লো হাই-প্রোফাইল প্রতারক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
গোয়েন্দাদের রুদ্ধশ্বাস প্রচেষ্টায় ধরা পড়লো হাই-প্রোফাইল প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিতেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর অক্লান্ত প্রচেষ্টায় গ্রেপ্তার হয়েছে এই হাই- প্রোফাইল প্রতারক। রোববার (১৫ মার্চ) সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি চৌকসদল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবন স্থানে টানা ৬ ঘণ্টার এক রুদ্ধশ্বাস প্রচেষ্টায় সকাল ৭টায় চতুর এই প্রতারককে গ্রেপ্তার করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই প্রতারক চক্রের সঙ্গে আরও কয়েকজন সন্দেহজনক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া যায়। তিনি এখন পর্যন্ত কত মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য আদায়ের জন্য জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কালের আলো/এম/এএইচ

গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ দিয়ে পরীমনির প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ দিয়ে পরীমনির প্রত্যাবর্তন

দেড় বছরের বেশি সময় পর আবারও অভিনয়ে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ‘সেপারেশন’ নামের নতুন একটি ওয়েব ফিকশনের মাধ্যমে ওটিটিতে পর্দায় ফিরছেন তিনি। ওয়েব ফিকশনটি পরিচালনা করছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ‘সেপারেশন’-এর শুটিং। শুটিংয়ের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে নতুন কাজের খবরটি জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লিখে ওয়েব ফিকশনটির নাম ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

‘সেপারেশন’-এ পরীমনির বিপরীতে অভিনয় করছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে নায়ক নিরবকেও। এর মধ্য দিয়ে ইমতিয়াজ বর্ষণ ও পরীমনির নতুন জুটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

ওয়েব ফিকশনটিতে পরীমনিকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। তবে গল্প কিংবা চরিত্র নিয়ে নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে চলছে এর শুটিং।

অভিনয়ে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করে পরীমনি বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি সত্যিই অনেক খুশি। দেশের মানুষ আমাকে ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি কাজের মাধ্যমে দিতে চাই।’

কালের আলো/এএইচ/এমএসআইপি 

জনকল্যাণে উন্নয়ন বরাদ্দে সর্বোচ্চ স্বচ্ছতার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
জনকল্যাণে উন্নয়ন বরাদ্দে সর্বোচ্চ স্বচ্ছতার অঙ্গীকার

ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সাধারণ খাতের বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলোকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সরকার জনগণের চাহিদা পূরণে জনকল্যাণে কাজ করছে।

রোকনুজ্জামান সরকার রোকন বলেন, অর্থনৈতিক সংকটের মধ্যেও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। তাই এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের বরাদ্দের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি/এসকে 

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি