খুঁজুন
                               
, ,
           

প্রটোকলের চিরায়ত প্রথা ভেঙে লাশ দাফনে নেটিজেনদের প্রশংসায় তথ্য প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা/ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
প্রটোকলের চিরায়ত প্রথা ভেঙে লাশ দাফনে নেটিজেনদের প্রশংসায় তথ্য প্রতিমন্ত্রী

তিনি সরকারের প্রতিমন্ত্রী। রাষ্ট্রীয় প্রটোকল তার জন্য স্বাভাবিক। কিন্তু তার রাজনৈতিক জীবন ছকে বাঁধা নয় মোটেও। সবার উর্ধ্বে দায়িত্ব ও মানবিকতাকে স্থান দিয়ে মন্ত্রীত্বের পুরাতন সব রীতি ভেঙে দিয়েছেন। চলাফেরায় নিরাপত্তার কড়াকড়ি নেই। একেবারেই ‘মাটির মানুষ’ হিসেবে মানুষের কাছাকাছি তিনি। প্রটোকলের চিরায়ত প্রথা ভেঙে এবার এক অনন্য মানবিক নজির স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের এই সংসদ সদস্য শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ১২ নম্বর জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে উপজেলা সদরে ফিরছিলেন। হঠাৎ তাঁর নজরে আসে স্থানীয় এক সড়কের পাশেই একটি কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফনের চিত্র। প্রতিমন্ত্রী গাড়ি থামিয়ে নিজেই ছুটে গেলেন। ওই ব্যক্তির শেষ বিদায়ে নেমে গেলেন তাকে কবরে শায়িত করতে। সেই ব্যক্তির স্বজনদের পাশাপাশি সাধারণ মানুষও প্রতিমন্ত্রীর এই মানবিকতা ও উদারতা অপার বিস্ময়ে উপভোগ করলেন। মুহুর্তেই সেই ছবি ছড়িয়ে পড়লো সোশ্যাল হ্যাণ্ডেলে। নেটিজেনরা সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন অনন্য মানবিকবোধ নিয়ে মেতে উঠলেন প্রশংসায়। কেউ কেউ বলছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের মতোই তার এই প্রতিমন্ত্রীও অতি সাধারণ। যোগ্য ব্যক্তিই ক্যাবিনেটে স্থান পেয়েছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শী নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির বলেন, ‘সরকারি প্রটোকল উপেক্ষা করে গাড়ি থেকে নেমে সোজা কবরস্থানে চলে যান প্রতিমন্ত্রী। কোনো দ্বিধা বা সংকোচ না করে তিনি নিজেই কবরে নেমে পড়েন। মরদেহ খাটিয়া থেকে নামিয়ে কবরে শায়িত করার কাজে সরাসরি শরিক হন। একজন প্রতিমন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে অংশ নিতে দেখে সবাই অভিভূত। অতীতেও কোন মন্ত্রী প্রতিমন্ত্রীকে এভাবে দেখেনি মানুষ।’

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, ‘একজন প্রতিমন্ত্রী এভাবে সাধারণ মানুষের লাশের খাটিয়া ধরবেন, কবরে নেমে দাফন করবেন, এটা কখনও ভাবতে পারেনি নান্দাইলের মানুষ। জনতার নেতা হিসেবে সাধারণ মানুষের প্রতি তার এই শ্রদ্ধা-ভালোবাসা আমাদের কাছে এক বিমুগ্ধ বিস্ময়।’

স্থানীয়রা জানায়, দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় উপস্থিত সবার সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী। এরপর তিনি পুনরায় তাঁর গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের স্থানীয়রা বলছেন, দেশের রাজনীতি কলুষিত হলেও এখনো অনেক রাজনীতিকের ভেতরে দয়া-মায়া, ভালোবাসা ও সহমর্মিতা আছে। মনুষ্যত্ববোধ যে টিকে আছে তার বড় এক উদাহরণ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে এই মানবিকবোধ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

কালের আলো/এমএএএমকে

নভেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
নভেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু: ইসি

দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করা হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে কমিশন।

আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে ইসি।

তিনি আরও বলেন, বর্তমান আইনি কাঠামোর ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে কোনো আইনগত বা কার্যগত জটিলতা হবে না। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ভেনিসে হামলা: দেশে ফিরে যা বললেন বাঁধন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
ভেনিসে হামলা: দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ভেনিসে হামলার প্রসঙ্গে বাঁধন বলেন, হামলাকারীরা তাঁকে শুধু গালাগাল বা স্লোগান দেয়নি, তাঁর গায়ে হাতও তুলেছে। তাঁর ভাষ্য, এই ধরনের আচরণ বন্ধ হওয়া প্রয়োজন।

বাঁধন বলেন, ‘‘আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। আমার কাছে মনে হয়, তারা তাদের স্থানটাকে আসলে অনিরাপদ করছে।’’

ভেনিসের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ তাঁকে আক্রমণ করেছে। এ ধরনের ঘটনা বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে বলে মনে করেন তিনি।

হামলার জন্য রাজনৈতিক পরিচয়কে দায়ী করলেন বাঁধন

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন।

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বাঁধন বলেন, দলকে সমর্থন করা যেতে পারে, তবে দলের প্রতি অন্ধ আনুগত্য না দেখানোর আহ্বান জানান তিনি। তাঁর মতে, কোনো অপরাধের দায়ে সাধারণ কর্মীদের বিচার হলে এর প্রভাব তাঁদের পরিবারের ওপরও পড়তে পারে।

বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাদের নিয়েও প্রশ্ন তোলেন বাঁধন। তাঁর ভাষ্য, বিদেশে বসে কেউ অডিও বা ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদের উসকে দিলেও সেই নেতাদের জীবন সাধারণ কর্মীদের মতো নয়।

আওয়ামী লীগের নেতাদেরও বার্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, দলটি বড় রাজনৈতিক দল এবং ভবিষ্যতে তারা রাজনীতি করতে চাইলে এখন থেকেই সেই রাজনীতির ধরন ও রূপরেখা নিয়ে ভাবা উচিত।

তিনি বলেন, এমন কোনো রাজনৈতিক পথ তৈরি করা উচিত নয়, যার জন্য ভবিষ্যতে দলটির নেতাদের লজ্জিত হতে হয়।

নিজের টিম নিয়েও অভিযোগ

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের টিম নিয়েও অভিযোগ করেন বাঁধন। তাঁর দাবি, অন্যরা তাঁকে সহযোগিতা করলেও তাঁর টিম তাঁকে ‘ডিজওন’ করেছে। এ ছাড়া টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত সপ্তাহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

কালের আলো/এসএ

গ্যাস-বিদ্যুৎ সংকটের অবসান মঙ্গলবার রাত থেকে: এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
গ্যাস-বিদ্যুৎ সংকটের অবসান মঙ্গলবার রাত থেকে: এফবিসিসিআই

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০টি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফজলুল হক বলেন, বৈঠকের সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে সরবরাহ পরিস্থিতি আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে।

তিনি জানান, চলমান সংকট মোকাবিলার পাশাপাশি শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগের জন্য ভবিষ্যতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণে সরকারের পক্ষ থেকে একটি পরিষ্কার রূপরেখা দেওয়া হয়েছে।

এফবিসিসিআই প্রশাসক আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদন বাড়াতে সরকারের বিস্তারিত পরিকল্পনা ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়েছে। ব্যবসায়ীরা বর্তমান সংকটের দ্রুত সমাধানের পাশাপাশি এসব পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রায় তিন ঘণ্টার বৈঠকে ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টারা তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে জ্বালানি সংকটের পাশাপাশি বন্দর, ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। এতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, পেট্রোবাংলা ও পিডিবির চেয়ারম্যানসহ এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও এমসিসিআইয়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি