খুঁজুন
                               
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

নভেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
নভেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সময় খুব বেশি হাতে নেই, তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘ক্যাপাসিটি চার্জের নামে আগের সরকার বড় ধরনের আর্থিক বোঝা রেখে গেছে। তবে নতুন সরকার চাইলেই তাৎক্ষণিকভাবে সবকিছু পরিবর্তন করতে পারে না। বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত। আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে। রাতারাতি কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করা হচ্ছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ‘স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও সঞ্চালনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা ঠিক থাকলেও সরবরাহ ব্যবস্থায় ঘাটতি রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণ করেছিল এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু কার্যকর সমন্বয়ের বিষয়টি গুরুত্ব দেয়নি।’

অপরিকল্পিতভাবে বিতরণ লাইন স্থাপন করায় উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও অনেক এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এর মূল কারণ বিতরণ লাইনের সমস্যা। এসব সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) সঙ্গে বৈঠক করা হয়েছে।’

কালের আলো/এসআর/এএএন

ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে বিভ্রাট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকে এ সমস্যা শুরু হয়।

ব্যবহারকারীদের অভিযোগ, কম্পিউটার (ওয়েব ভার্সন) কিংবা মোবাইল অ্যাপ–কোনো সংস্করণ দিয়েই ফেসবুকে লগইন করা যাচ্ছে না। অনেকের সেশন হঠাৎ করেই ‘লগআউট’ হয়ে যাচ্ছে। শুধু ফেসবুকই নয়, মেটার মালিকানাধীন অন্য প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারেও কোথাও কোথাও সমস্যা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

ওয়েবসাইটের ত্রুটি ও বিভ্রাট নজরদারি করার ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর বরাত দিয়ে জানা গেছে, ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ওয়েবসাইটের ব্যবহারকারীরা। ব্যবহারকারী জানিয়েছেন, ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেই স্ক্রিনে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (অ্যাকাউন্ট অস্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়) বার্তা দেখানো হচ্ছে।

আমেরিকা, ইউরোপ ও এশিয়াসহ বিশ্বের প্রায় সব অঞ্চলেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইতিমধ্যে #FacebookDown হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে।

তবে চলতি এই বিভ্রাট নিয়ে মেটা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।

কালের আলো/এসআর/এএএন

নতুন হেয়ারকাট, মিষ্টি হাসি— অন্য এক সাদিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
নতুন হেয়ারকাট, মিষ্টি হাসি— অন্য এক সাদিয়া

সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। প্রায়ই নতুন লুকে হাজির হয়ে প্রশংসা কুড়ান ভক্তদের। সদ্য সামাজিক মাধ্যমে নতুন হেয়ারস্টাইলের কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী; যা মুহূর্তের মধ্যেই তার ভক্ত-অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

দেখা যায়, অভিনেত্রী তার নতুন হেয়ারকাটের চার ছবির একটি কোলাজ শেয়ার করেছেন। ছবিতে তাকে একটি সাদা রঙের অফ-শোল্ডার পোশাকে বেশ গ্ল্যামারাস লুকে দেখা যায়। কানে থাকা সোনালী রঙের আকর্ষণীয় দুল এবং মুখের চেনা মিষ্টি হাসি তার এই নতুন রূপকে যেন অনন্য করে তোলে।

ক্যাপশনে সাদিয়া আয়মান লিখেছেন, ‘সিগনেচার লুক বাই সামিয়া আমাকে একটি নতুন হেয়ারস্টাইল দিয়েছে’।

নতুন লুকে অভিনেত্রীকে দেখে কমেন্ট বক্সে প্রশংসায় মেতে উঠেছেন তার অনুরাগীরা। পোস্টটিতে লাইক ও কমেন্টের বন্যা বইছে। অধিকাংশই সাদিয়ার এই নতুন ফ্যাশনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন; তার সৌন্দর্য ও হেয়ারস্টাইলের প্রশংসা করছেন।

এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘চমৎকার হেয়ারকাট’।

ছোটপর্দায় সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসির কারণে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন সাদিয়া আয়মান। নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রেও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন।

অভিনয়ের পাশাপাশি নিজের লুক এবং ফ্যাশন নিয়েও বেশ সচেতন এই তারকা। এর আগেও বিভিন্ন সময় তার ভিন্নধর্মী লুক দর্শকদের পছন্দ হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে পৌঁছেছেন ছয় মন্ত্রী

কক্সবাজার প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে পৌঁছেছেন ছয় মন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান।

কক্সবাজারে আগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

জানা গেছে, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে পৌঁছাবেন। তাঁর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী একটি নতুন উপজেলা ও একটি নতুন পৌরসভার উদ্বোধন করবেন। এছাড়া তিনি রাজনৈতিক জনসভা, সুধী সমাবেশ এবং খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে শনিবার রাতেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ