খুঁজুন
                               
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ়, ১৪৩৩
           

ঢাকাসহ ৮ বিভাগে ১০ দিন ঝড় ও ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
ঢাকাসহ ৮ বিভাগে ১০ দিন ঝড় ও ভারী বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ৮ বিভাগের বিভিন্ন অঞ্চলে আগামী ১০ দিন ঝড় ও বৃষ্টি হতে পারে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।

শুক্রবার (১৯ জুন) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। একইসঙ্গে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার (১৯ জুন) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শনিবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (২১ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২২ জুন) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, বর্ধিত পাঁচ দিনেও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালের আলো/এসএকে

টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
টাইগারদের হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া। এতে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো অজিরা।

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৯৬ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে বাংলাদেশ। এতে ৭ রানের জয় পায় অজিরা।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। ৪৪ রানে হারায় তিন উইকেট। তবে চাপ সামলে চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও টিম ডেভিড মিলে গড়েন ৯৭ রানের জুটি।

একপর্যায়ে ২৬ বলে ৪৫ রানে আউট হন ডেভিড। এরপর নিখিল চৌধুরী আউট হলেও রেনশ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তার বিস্ফোরক ব্যাটিংয়ের উপর দাঁড়িয়ে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন রেনশ।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ২৭ রানে দুটি উইকেট নিয়েছেন। এছাড়া নাহিদ রানা, আব্দুল গাফফার ও মুস্তাফিজুর নেন একটি করে উইকেট।

জবাবে খেলতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রথম ২ ওভারে ৩৩ রান তোলা বাংলাদেশ পাওয়ার প্লের ৬ ওভারে তুলেছে ৭২ রান। এই রান তুলতে বাংলাদেশ উইকেট হারায় মাত্র একটি। তানজিদ তামিম ১৫ বলে ৩০ রান করেন।

এরপর ৭৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ৯ বলে করেন ১৫ রান। তার আউটের পর সাইফ হাসান ও পারভেজ ইমন জুটি গড়ার চেষ্টা করেন। তাদের ব্যাটিং এগোতে থাকে বাংলাদেশ।

তবে তারা তাদের ব্যাটিংয়ের ধারা অব্যাহত রাখতে পারেননি। একপর্যায়ে পারভেজ ইমন ২২ বলে ৩৬ করে দলীয় ১৩০ রানে ফেরেন। তার আউটের পরও বাংলাদেশের জয়ের সম্ভাবান ছিল। তবে সাইফ হাসান ৪২ রানে ফেরার পর সেই সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে টাইগারদের।

পরে তাওহীদ হৃদয়ের ২২ বলের ৩৫ রানের ইনিংসে জয়ের ব্যবধান কমেছে মাত্র। শেষপর্যন্ত বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলতে পারে।

কালের আলো/এসআর/এএএন

হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
হরমুজে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো ফি নেবে না ইরান

আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ফি ছাড় দেওয়া হবে।

পরিষদের ভাষ্য অনুযায়ী, এই সময়ের জন্য প্রণালি ব্যবহারে যে ব্যয় সাধারণত নেওয়া হয়, তা ইরান সরকার নিজেই বহন করবে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৬০ দিনের জন্য আবেদনকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের ট্রানজিট ফি নেওয়া হবে না। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল আরও সহজ হবে বলে আশা করছে তেহরান।

মাসের পর মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই সিদ্ধান্তকে তা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৭ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পরই এই ঘোষণা আসে। জাহাজ চলাচলের আগে নিতে হবে অনুমতি

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে আগ্রহী সব বাণিজ্যিক জাহাজকে আগে পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।

সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আবেদন নিষ্পত্তি করতে এবং সমঝোতা স্মারকের আওতায় সেগুলোকে অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই কর্তৃপক্ষই জাহাজগুলোর জন্য চলাচলের অনুমতিপত্র, নির্ধারিত সময়সূচি এবং রুট নির্ধারণ করবে। নিরাপত্তার কারণে বিশেষ বিধিনিষেধ

ইরান বলেছে, সামুদ্রিক করিডোরে এখনো কিছু নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাই জাহাজ চলাচল নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে।

কর্মকর্তাদের মতে, নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চললে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ করা এবং ধীরে ধীরে হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরিয়ে আনা সহজ হবে।

এ কারণে অনুমোদন পাওয়া সব জাহাজকে নির্ধারিত সময় ও নির্দিষ্ট পথ অনুসরণ করেই হরমুজ প্রণালি অতিক্রম করতে হবে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক নৌপরিবহনে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সূত্র: সামা টিভি

কালের আলো/এসআর/এএএন

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু 

Oplus_131072

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৭৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৮২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯৬ জন। আর গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৩৯৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হওয়ায় গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার পর্যন্ত সন্দেহজনক হামে মারা যাওয়া মোট শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৭ জনে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের কারণে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে গত ১৫ মার্চ থেকে গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃতের মোট সংখ্যা ৯৩ জনেই অপরিবর্তিত রয়েছে।

কালের আলো/এসএকে