খুঁজুন
                               
, ,
           

‘লায়ন’ সিনেমায় আর অভিনয় করছেন না জিৎ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
‘লায়ন’ সিনেমায় আর অভিনয় করছেন না জিৎ

রায়হান রাফীর বহুল আলোচিত সিনেমা ‘লায়ন’ নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে সিনেমাটির ঘোষণা এলেও এখনো শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে দিলেন, এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

২০২৪ সালে জিতের জন্মদিন উপলক্ষে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে সিনেমাটির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করেন। বড় বাজেট ও বৃহৎ পরিসরে নির্মাণের পরিকল্পনার কারণে শুটিং শুরুতে দেরি হচ্ছে বলে এর আগে জানিয়েছিলেন নির্মাতা রায়হান রাফী।

তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ আর এগোয়নি। এর মধ্যেই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন জিৎ।

সম্প্রতি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে ‘লায়ন’ প্রসঙ্গে কথা বলেন অভিনেতা।

জিৎ জানান, সিনেমাটি আপাতত হচ্ছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, সিনেমাটির যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, তিনি বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতিও প্রকল্পটি আটকে যাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

জিৎ আরও জানান, সিনেমাটির কাজ আবার শুরু করতে আগ্রহী ছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে সেই প্রস্তাবে তিনি রাজি হননি। নিজের সিদ্ধান্তের কথা রাফীকেও স্পষ্টভাবে জানিয়েছেন বলে জানান অভিনেতা।

রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমায় জিতের পাশাপাশি অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। সিনেমাটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও এতে যুক্ত হওয়ার কথা ছিল।

তবে জিৎ সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেও এ বিষয়ে এখনো নির্মাতা রায়হান রাফীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‘লায়ন’ শুটিং ফ্লোরে না গড়ালেও একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন রায়হান রাফী। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর পরিচালিত সিনেমা ‘আন্ধার’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে।

এ ছাড়া আগামী অক্টোবরে ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আফরান নিশো অভিনীত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।

সব মিলিয়ে দুই বছর আগে আলোচনার জন্ম দেওয়া ‘লায়ন’ এখন অনিশ্চয়তার মুখে। আর জিতের সরে দাঁড়ানোর ঘোষণায় সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন।

কালের আলো/এসএ

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১০ লাখ: অর্থমন্ত্রী

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ১০ লাখ: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের দুর্ঘটনায় হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেলে গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এসময় তিনি নিহতের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল পৌণে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেলে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও জানান, ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের পক্ষ থেকে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা ও সরকারের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতাও করা হবে।

চট্টগ্রাম মেডিকেলের সর্বশেষ তথ্য অনুযায়ী দুর্ঘটনায় এ পর্যন্ত ৮ জন মারা গেছেন।

তবে স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা বাড়বে। মূলত সাগরে জোয়ার থাকায় এখনো সম্পূর্ণরূপে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি উদ্ধারকারী দল।

সকালে ভাটিয়ারিতে এলএনজিবাহী পুরাতন একটি জাহাজ কাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, ২০-২৫ বছরের পুরাতন জাহাজটি কাটার সময় বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই বিষাক্ত গ্যাসের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

শিক্ষার পরিধি শ্রেণিকক্ষের বাইরেও বিস্তৃত: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
শিক্ষার পরিধি শ্রেণিকক্ষের বাইরেও বিস্তৃত: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষ বা একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। বিতর্ক, সহশিক্ষা কার্যক্রম ও ছাত্র আন্দোলনও শিক্ষার্থীদের শেখার গুরুত্বপূর্ণ অংশ।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দীন খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক বাস্তবতায় শিক্ষা ও ছাত্র আন্দোলনকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। তবে শিক্ষাঙ্গনে যেকোনো ধরনের দখলদারিত্ব ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান থাকতে হবে।

বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্কের সময় কোনো বিষয়ে বিপক্ষ অবস্থান নেওয়ার অনুশীলন শিক্ষার্থীদের নিজেদের বিশ্বাস ও ধারণাকে প্রশ্ন করতে শেখায়। এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভর ও বিশ্লেষণাত্মকভাবে চিন্তা করার দক্ষতা তৈরি হয়, যা ভবিষ্যৎ কর্মজীবনেও কাজে লাগে।

ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরির ওপরও জোর দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীর কেন্দ্রে অবস্থিত হওয়া এবং তুলনামূলক ভালো ফল করা শিক্ষার্থীদের ভর্তি হওয়ার কারণে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব বহন করে।

তিনি বলেন, এই সুবিধাজনক অবস্থান ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে ঢাকা কলেজকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে হবে।

ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজের আবেগের কথা তুলে ধরে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও গভীর আবেগ রয়েছে। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে বর্তমান অবকাঠামো দেখে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। কলেজের অডিটোরিয়ামসহ পুরো ক্যাম্পাসের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামান।

এ ছাড়া দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা বিতার্কিকসহ অন্যান্য শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে গুলিবর্ষণে নিহত ৩, আহত ৯৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে গুলিবর্ষণে নিহত ৩, আহত ৯৪

পাকিস্তানের করাচি শহরে দেশটির ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় আনন্দ উল্লাসের নামে বেপরোয়া ফাঁকা গুলিবর্ষণে কমপক্ষে ৩ জন নিহত এবং অন্তত ৯৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ শুক্রবার) করাচির পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ জানান, ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় করাচির পিআইবি কলোনির একজন পুরুষ ও এক শিশু ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও গুলিবিদ্ধ অবস্থায় আরও একজন নারীকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যিনি পরে মারা যান।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ আরও ১৭ জনকে সিভিল হাসপাতালে, ২৪ জনকে আব্বাসি শহীদ হাসপাতালে এবং ৫৩ জনকে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে ‍চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, লিয়ারি, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, উত্তর নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টার্স এবং ডিফেন্সে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এদিকে, করাচির পূর্ব জেলার পুলিশ স্বাধীনতা দিবসে ফাঁকা গুলিবর্ষণের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং বিভিন্ন এলাকা থেকে ১০ জন সন্দেহভাজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়ান্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

করাচির পশ্চিম জেলা পুলিশও একই অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তানের স্বাধীনতা দিবস বা নতুন বছরের মতো উৎসবগুলোতে এই ধরণের ফাঁকা গুলি ছোড়ার ঘটনা একটি নিয়মিত ও বিপজ্জনক সংস্কৃতিতে পরিণত হয়েছে, যা প্রতি বছরই বহু মানুষের প্রাণহানি ও মারাত্মক জখমের কারণ হয়ে দাঁড়ায়। গত বছরও স্বাধীনতা দিবসের মধ্যরাতে করাচিতে উদযাপনের গোলাগুলিতে এক মেয়েশিশুসহ তিনজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

সূত্র: ডন

কালের আলো/আরডি/এমডিএইচ