খুঁজুন
                               
, ,
           

চার ঘণ্টায় বেচাকেনা ২৫ লাখ, গজালিয়ার ভাসমান হাটে কোটি টাকার সবজি

কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ
চার ঘণ্টায় বেচাকেনা ২৫ লাখ, গজালিয়ার ভাসমান হাটে কোটি টাকার সবজি

খালের বুকে সারি সারি নৌকা। প্রতিটি নৌকায় সাজানো টাটকা মৌসুমি সবজি। ভোরের আলো ফুটতেই কৃষকদের হাঁকডাক আর পাইকারদের দরদামে মুখর হয়ে ওঠে চারপাশ। মাত্র চার ঘণ্টায় এখানে বেচাকেনা হয় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি। পুরো মৌসুমে যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ কোটি টাকা।

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া খালের ওপর বসে আসছে এই শতবর্ষী ভাসমান সবজির হাট। সপ্তাহে দুই দিন—রোববার ও বুধবার—নৌকায় নৌকায় চলে এই ব্যতিক্রমী হাটের কেনাবেচা।

স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি বিক্রির অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে হাটটি। বাগেরহাটের পাশাপাশি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে নৌকা ও ট্রলার নিয়ে পাইকারি ব্যবসায়ীরা এখানে আসেন। শসা, লাউ, করলা, চালকুমড়া, মিষ্টিকুমড়া, ঝিঙেসহ বিভিন্ন ধরনের মৌসুমি সবজি কেনেন তারা।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই আশপাশের গ্রামের কৃষকেরা নিজেদের জমিতে উৎপাদিত সবজি নৌকায় করে হাটে নিয়ে আসছেন। খালের বিভিন্ন স্থানে নৌকা নোঙর করে শুরু হয় বেচাকেনা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে খালের দুই পাড় ও মাঝখানজুড়ে তৈরি হয় নৌকার সারি।

কৃষকেরা জানান, এই হাটে সরাসরি পাইকারদের কাছে সবজি বিক্রি করতে পারায় তারা তুলনামূলক ভালো দাম পান। দ্রুত বিক্রি হয়ে যাওয়ায় সবজি নষ্ট হওয়ার আশঙ্কাও কম থাকে। একই সঙ্গে নৌপথে পণ্য পরিবহন করায় তাদের পরিবহন খরচও তুলনামূলক কম পড়ে।

পিরোজপুরের ব্যবসায়ী সালাম হালাদার বলেন, গজালিয়ার হাটে একসঙ্গে বিভিন্ন ধরনের টাটকা সবজি পাওয়া যায়। কৃষকের কাছ থেকে সরাসরি সবজি কেনার সুযোগ থাকায় বড় পরিসরে পণ্য সংগ্রহ করা যায়। পরে এসব সবজি পিরোজপুরসহ বিভিন্ন এলাকার বাজারে বিক্রি করা হয়।

বরিশালের ব্যবসায়ী সুলতান শেখ বলেন, নিয়মিত অনেক কৃষক এখানে সবজি নিয়ে আসেন। ফলে অন্য বাজারের তুলনায় একসঙ্গে বেশি পরিমাণ সবজি কেনা সম্ভব হয়। ভোর থেকে শুরু করে কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের বেচাকেনা শেষ হয়ে যায়। যোগাযোগব্যবস্থা উন্নত হলে এই হাটের ব্যবসা আরও বাড়বে।

স্থানীয়দের দাবি, শত বছরেরও বেশি সময় ধরে গজালিয়া খালের ওপর এই ভাসমান হাট চলে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকেরা এখানে নিজেদের উৎপাদিত সবজি বিক্রি করে আসছেন। আর পাইকারি ব্যবসায়ীরা নৌকা ও ট্রলারে করে এসব সবজি দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে নিয়ে যান।

স্থানীয় কৃষক রাজ্জাক মোল্লা বলেন, নিজের জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে হাটের দিনে নৌকায় করে নিয়ে আসেন। পাইকাররা সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে নেওয়ায় দ্রুত পণ্য বিক্রি হয়ে যায়। এই হাট না থাকলে দূরের বাজারে গিয়ে সবজি বিক্রি করতে কৃষকদের বেশি ভোগান্তিতে পড়তে হতো।

তবে সম্ভাবনাময় এই হাটে অবকাঠামোগত নানা সমস্যা রয়েছে। বিশেষ করে হাটে যাওয়ার রাস্তা, নৌকা-ট্রলার ভেড়ানোর নির্দিষ্ট ব্যবস্থা এবং পণ্য ওঠানামার সুবিধা না থাকায় কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, হাটটি অনেক পুরোনো এবং এখানে প্রচুর কৃষক ও ব্যবসায়ী আসেন। কিন্তু হাটে আসার রাস্তা ভালো নয়। নৌকা ও ট্রলার বাঁধার জন্যও পর্যাপ্ত ব্যবস্থা নেই। বর্ষা মৌসুমে সমস্যা আরও বেড়ে যায়।

তিনি বলেন, নির্দিষ্ট স্থানে নৌকা-ট্রলার নোঙরের ব্যবস্থা, যাতায়াতের রাস্তা সংস্কার, পণ্য ওঠানামার সুবিধা এবং বাজার ব্যবস্থাপনার উন্নয়ন করা হলে এই হাটের বেচাকেনা আরও কয়েক গুণ বাড়তে পারে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, গজালিয়ার ভাসমান সবজির হাটটি স্থানীয় কৃষি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কৃষকের উৎপাদিত সবজি দ্রুত পাইকারদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। এতে কৃষক যেমন বাজার পাচ্ছেন, তেমনি ভোক্তার কাছেও দ্রুত তাজা সবজি পৌঁছে যাচ্ছে।

তিনি আরও বলেন, মৌসুমে এই হাটে ৪ কোটি টাকার বেশি সবজি বেচাকেনা হয়। হাটটির কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে। এগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে সবজি চাষে কৃষকদের উৎসাহিত করা এবং বাজারজাতকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

নভেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু: ইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
নভেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু: ইসি

দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। প্রথম পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, আগামী নভেম্বরের মাঝামাঝি থেকেই দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করা হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করবে কমিশন।

আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন পরিচালনা করবে ইসি।

তিনি আরও বলেন, বর্তমান আইনি কাঠামোর ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে কোনো আইনগত বা কার্যগত জটিলতা হবে না। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

ভেনিসে হামলা: দেশে ফিরে যা বললেন বাঁধন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
ভেনিসে হামলা: দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ভেনিসে হামলার প্রসঙ্গে বাঁধন বলেন, হামলাকারীরা তাঁকে শুধু গালাগাল বা স্লোগান দেয়নি, তাঁর গায়ে হাতও তুলেছে। তাঁর ভাষ্য, এই ধরনের আচরণ বন্ধ হওয়া প্রয়োজন।

বাঁধন বলেন, ‘‘আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ হতে হবে। আমার কাছে মনে হয়, তারা তাদের স্থানটাকে আসলে অনিরাপদ করছে।’’

ভেনিসের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ তাঁকে আক্রমণ করেছে। এ ধরনের ঘটনা বিদেশের মাটিতে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে বলে মনে করেন তিনি।

হামলার জন্য রাজনৈতিক পরিচয়কে দায়ী করলেন বাঁধন

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, হামলাকারীদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী ছিলেন।

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বাঁধন বলেন, দলকে সমর্থন করা যেতে পারে, তবে দলের প্রতি অন্ধ আনুগত্য না দেখানোর আহ্বান জানান তিনি। তাঁর মতে, কোনো অপরাধের দায়ে সাধারণ কর্মীদের বিচার হলে এর প্রভাব তাঁদের পরিবারের ওপরও পড়তে পারে।

বিদেশে থাকা আওয়ামী লীগের নেতাদের নিয়েও প্রশ্ন তোলেন বাঁধন। তাঁর ভাষ্য, বিদেশে বসে কেউ অডিও বা ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদের উসকে দিলেও সেই নেতাদের জীবন সাধারণ কর্মীদের মতো নয়।

আওয়ামী লীগের নেতাদেরও বার্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বাঁধন বলেন, দলটি বড় রাজনৈতিক দল এবং ভবিষ্যতে তারা রাজনীতি করতে চাইলে এখন থেকেই সেই রাজনীতির ধরন ও রূপরেখা নিয়ে ভাবা উচিত।

তিনি বলেন, এমন কোনো রাজনৈতিক পথ তৈরি করা উচিত নয়, যার জন্য ভবিষ্যতে দলটির নেতাদের লজ্জিত হতে হয়।

নিজের টিম নিয়েও অভিযোগ

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের টিম নিয়েও অভিযোগ করেন বাঁধন। তাঁর দাবি, অন্যরা তাঁকে সহযোগিতা করলেও তাঁর টিম তাঁকে ‘ডিজওন’ করেছে। এ ছাড়া টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত সপ্তাহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার দলের সঙ্গে অংশ নেন বাঁধন। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। প্রিমিয়ার শেষে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।

কালের আলো/এসএ

গ্যাস-বিদ্যুৎ সংকটের অবসান মঙ্গলবার রাত থেকে: এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
গ্যাস-বিদ্যুৎ সংকটের অবসান মঙ্গলবার রাত থেকে: এফবিসিসিআই

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০টি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফজলুল হক বলেন, বৈঠকের সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—প্রধানমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে সরবরাহ পরিস্থিতি আগের স্বাভাবিক অবস্থায় ফিরবে।

তিনি জানান, চলমান সংকট মোকাবিলার পাশাপাশি শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগের জন্য ভবিষ্যতে বাড়তি জ্বালানি চাহিদা পূরণে সরকারের পক্ষ থেকে একটি পরিষ্কার রূপরেখা দেওয়া হয়েছে।

এফবিসিসিআই প্রশাসক আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে উৎপাদন বাড়াতে সরকারের বিস্তারিত পরিকল্পনা ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়েছে। ব্যবসায়ীরা বর্তমান সংকটের দ্রুত সমাধানের পাশাপাশি এসব পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন।

প্রায় তিন ঘণ্টার বৈঠকে ব্যবসায়ী নেতারা তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টারা তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে জ্বালানি সংকটের পাশাপাশি বন্দর, ব্যাংকিং ব্যবস্থা ও ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়। এতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান, পেট্রোবাংলা ও পিডিবির চেয়ারম্যানসহ এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও এমসিসিআইয়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি