খুঁজুন
                               
, ,
           

‘টক্সিক’ ছবির সাহসী দৃশ্য নিয়ে আপত্তি কিয়ারার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
‘টক্সিক’ ছবির সাহসী দৃশ্য নিয়ে আপত্তি কিয়ারার

চলতি বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। কন্নড় সুপারস্টার যশ অভিনীত এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। তবে ছবিটির মুক্তি বারবার পিছিয়ে যাওয়ায় ভক্তদের কপালে যখন চিন্তার ভাঁজ, ঠিক তখনই নতুন করে আলোচনায় এল এক অভ্যন্তরীণ বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিতে নিজের অভিনীত কিছু ‘সাহসী’ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। ‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিয়ারা।

ছবির গল্পের খাতিরে তাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ ও রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছে। সম্প্রতি সেই দৃশ্যগুলোর ‘ফাইনাল আউটপুট’ দেখে সন্তুষ্ট হতে পারেননি অভিনেত্রী। তার মতে, দৃশ্যগুলো প্রয়োজনের চেয়ে বেশি সাহসী হয়ে গেছে, যা তিনি এখন পর্দায় রাখতে চাইছেন না।

শুটিংয়ের সময় পরিচালক মোহনদাস আশ্বাস দিয়েছিলেন যে, দৃশ্যগুলো কিয়ারার স্বাচ্ছন্দ্যের (কমফোর্ট জোন) কথা মাথায় রেখেই ধারণ করা হবে। কিন্তু এডিটিং টেবিল থেকে আসা চূড়ান্ত দৃশ্যগুলো দেখার পর কিয়ারা পুনরায় ভাবতে শুরু করেছেন।

তিনি মনে করছেন, এই দৃশ্যগুলো তার বর্তমান ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ওই বিশেষ অংশগুলো ছবি থেকে বাদ দেওয়ার জন্য তিনি নির্মাতাদের কাছে জোরালো দাবি জানিয়েছেন। এর আগে ‘টক্সিক’-এর টিজারে একটি গাড়ির ভেতরের দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই খোদ অভিনেত্রীর আপত্তির বিষয়টি ছবিটিকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিল।

উল্লেখ্য, গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ ছবিটির অন্যতম প্রযোজক যশ নিজেই। ছবিটি চলতি বছরের ৪ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাকসু তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার ভাউচার দেননি জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
রাকসু তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার ভাউচার দেননি জিএস আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। এর মধ্যে মাত্র ৫ লাখ ৪৯ হাজার টাকার বিল-ভাউচার জমা দিয়েছেন তিনি। ফলে উত্তোলন করা ১৮ লাখ ৩৯ হাজার টাকার ব্যয়ের হিসাব এখনো জমা পড়েনি।

রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের বিবরণীসংক্রান্ত নথি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, জিএস আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে ৫ লাখ ৪৯ হাজার টাকার বিল-ভাউচার জমা দেওয়া হলেও বাকি অর্থের হিসাব নথিতে পাওয়া যায়নি।

নথিতে দেখা যায়, ১৫ জানুয়ারি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বুথ স্থাপনের জন্য ৩ লাখ ২ হাজার টাকা, ২৭ জানুয়ারি রাকসু সদস্যদের জানুয়ারি মাসের বাজেট বাবদ ১৩ লাখ ৭৭ হাজার টাকা এবং ১৩ এপ্রিল রাকসু সদস্যদের দাপ্তরিক খরচের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করা হয়। এই তিন ধাপে উত্তোলন করা মোট ১৮ লাখ ৩৯ হাজার টাকার বিল-ভাউচার এখনো জমা হয়নি।

বিল-ভাউচার জমা না দেওয়ার বিষয়ে সালাউদ্দিন আম্মার বলেন, ভর্তি পরীক্ষার বুথ স্থাপনের সময় এটি তাদের প্রথম দিকের বাজেট ছিল। তখন ব্যয়ের সঙ্গে ভ্যাট যোগ করার বিষয়টি জানা না থাকায় প্রায় ৩ লাখ টাকার হিসাব সমন্বয় করে বিল করতে কিছুটা সমস্যা হয়েছে।

রাকসু সদস্যদের জন্য উত্তোলন করা ১৩ লাখ ৭৭ হাজার টাকার বিষয়ে তিনি বলেন, ওই অর্থের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের হিসাব না আসায় তা জমা দেওয়া হয়নি। আরেকটি অর্থের হিসাব জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, কোনো কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিল-ভাউচার জমা দেওয়া উচিত। রাকসুর কিছু বিল-ভাউচার এখনো জমা হয়নি। সংশ্লিষ্টদের নিয়ম মেনে তা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, যেকোনো কর্মসূচি শেষ হওয়ার পর বিল-ভাউচারসহ আর্থিক হিসাব জমা দেওয়া বাধ্যতামূলক। রাকসুর প্রতিটি অধিবেশনে এ বিষয়ে সতর্ক থাকতে কোষাধ্যক্ষকে বলা হয়েছে। কেন এখনো সব ভাউচার জমা পড়েনি, তা খতিয়ে দেখা হবে।

রাকসুর বর্তমান পরিষদের বিভিন্ন কর্মসূচির জন্য তহবিল থেকে মোট ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার বিল-ভাউচার এখনো জমা পড়েনি। বাকি অর্থের হিসাব না দেওয়ার ক্ষেত্রে জিএস সালাউদ্দিন আম্মারের নামে উত্তোলন করা অর্থের পরিমাণই সবচেয়ে বেশি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি পদত্যাগ করে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপি এ সিদ্ধান্ত নিল।

দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, নম্বর- রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহল আমিন, গ্রাম-কালিবাড়ী, ডাকঘর- ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁওকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন মর্মে ঘোষণা করা হইল।

এ বিষয়ে নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, আজকেই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে।

এর আগে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করে জানান, নির্বাচনে মোট ভোটার ছিল ৩৪৯, ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।

২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ