নেইমারকে ‘জোকার’ বললেন রেমো সভাপতি
কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে নেইমার ও রেমোর সমর্থক-কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়।
ম্যাচটি ছিল রেমোর মাঠে। শুরু থেকেই গ্যালারিতে উপস্থিত সমর্থকরা নেইমারকে লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন। এস্তাদিও এস্তাদুয়াল জর্নালিস্তা এডগার অগাস্টো প্রোয়েনসা স্টেডিয়ামে তারা বারবার চিৎকার করে বলেন, “জাহান্নামে যাও, নেইমার।” জবাবে তখন কোনো প্রতিক্রিয়া দেখাননি ব্রাজিলিয়ান তারকা; শুধু হাত নেড়ে সমর্থকদের উদ্দেশে ইঙ্গিত করেন।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সান্তোসের একমাত্র গোলটিতে অ্যাসিস্ট করেন নেইমার। ৭৪ মিনিটে রুনির গোলে সহায়তা করে দলকে ১-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। এই জয়ের সুবাদে দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে সান্তোস।
তবে ম্যাচ শেষের বাঁশি বাজার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাঠ ছাড়ার সময় নেইমার গ্যালারির দিকে তাকিয়ে কিছু মন্তব্য করেন এবং দুই হাত তুলে নাচতে নাচতে বলতে থাকেন, “তোমাদের বিদায় হয়েছে, বিদায় হয়েছে।” এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন রেমোর সমর্থকরা।
পরিস্থিতির উত্তাপ ছড়িয়ে পড়ে মিক্সড জোনেও। সেখানে রেমোর কয়েকজন কর্মকর্তা ও সমর্থক নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত সমর্থকদের কেউ কেউ ব্যারিকেড অতিক্রম করারও চেষ্টা করেন। পরে স্টেডিয়াম ছাড়ার সময় নেইমারের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান রেমো সমর্থকদের একাংশ।
ঘটনার পর রেমো সভাপতি অ্যান্তোনিও কার্লোস টেইশেইরা (টনহাও) নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “সান্তোসের এমন আচরণের কোনো প্রয়োজন ছিল না। নেইমার এখানে এসে আমাদের সমর্থকদের উসকে দিয়েছে। তার এই আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।”
ম্যাচের শেষ দিকে সান্তোস ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছিল। তবে একেবারে শেষ মুহূর্তে গোলরক্ষককে একা পেয়েও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। তবু ১-০ ব্যবধানের জয়ই সান্তোসকে কোপা দো ব্রাজিলের শেষ আটে পৌঁছে দিতে যথেষ্ট ছিল।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array