খুঁজুন
                               
, ,
           

ওষুধ নয়, প্রয়োজন মানুষের সঙ্গে মানুষের সংযোগ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ওষুধ নয়, প্রয়োজন মানুষের সঙ্গে মানুষের সংযোগ

অসুস্থ হলে আমরা সাধারণত চিকিৎসকের কাছে যাই, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করি এবং ওষুধ খাই। কিন্তু সব ধরনের অসুস্থতার সমাধান কি ওষুধে সম্ভব? একাকিত্ব, দুশ্চিন্তা, আর্থিক সংকট, বেকারত্ব, বাসস্থানের সমস্যা কিংবা সামাজিক বিচ্ছিন্নতার মতো বিষয়ও মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। এসব সমস্যার সমাধান সবসময় প্রেসক্রিপশনে লেখা ওষুধ দিয়ে করা যায় না। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সোশ্যাল প্রেসক্রাইবিং।

কী এই সোশ্যাল প্রেসক্রাইবিং?

সহজ ভাষায়, সোশ্যাল প্রেসক্রাইবিং হলো একজন মানুষকে তাঁর স্বাস্থ্য ও সুস্থতার জন্য উপযোগী ব্যক্তি, সংগঠন, কার্যক্রম বা কমিউনিটি-ভিত্তিক সেবার সঙ্গে যুক্ত করে দেওয়া।

যুক্তরাজ্যের ন্যাশনাল একাডেমি ফর সোশ্যাল প্রেসক্রাইবিংয়ের ব্যাখ্যা অনুযায়ী, মানুষের প্রয়োজন ও পছন্দ বুঝে তাঁকে এমন সহায়তার সঙ্গে যুক্ত করাই এর মূল লক্ষ্য, যা তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। একই সঙ্গে সামাজিক সংযোগ বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।

ধরা যাক, একজন বয়স্ক মানুষ দীর্ঘদিন ধরে একা থাকছেন। বড় কোনো শারীরিক অসুস্থতা না থাকলেও নিঃসঙ্গতার কারণে তিনি বিষণ্ন হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে চিকিৎসক শুধু ওষুধের ওপর নির্ভর না করে তাঁকে একজন সোশ্যাল প্রেসক্রাইবিং লিংক ওয়ার্কারের কাছে পাঠাতে পারেন।

লিংক ওয়ার্কার ওই ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁর পছন্দ, প্রয়োজন ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন। এরপর তাঁর জন্য উপযোগী কোনো স্থানীয় কার্যক্রম বা সেবার সঙ্গে যুক্ত করে দিতে পারেন।

যেমন, তাঁকে স্থানীয় বন্ধুত্বমূলক গ্রুপ, বাগান করার দল, ছবি আঁকা বা শিল্পচর্চার ক্লাস কিংবা কোনো কমিউনিটি কার্যক্রমে যুক্ত করা যেতে পারে।

একইভাবে ঋণের চাপে থাকা কাউকে আর্থিক পরামর্শকেন্দ্রে, চাকরি হারানো কাউকে কর্মসংস্থান সহায়তা কর্মসূচিতে কিংবা শরীরচর্চায় আগ্রহী কাউকে স্থানীয় হাঁটা বা ব্যায়ামের গ্রুপে যুক্ত করা যেতে পারে।

অর্থাৎ, এখানে ‘প্রেসক্রিপশন’টি কোনো ওষুধের নয়; বরং সম্পর্ক, সামাজিক অংশগ্রহণ, অর্থপূর্ণ কাজ এবং কমিউনিটির সঙ্গে সংযোগের।

কতটা কার্যকর?

সোশ্যাল প্রেসক্রাইবিং কতটা কার্যকর—এ প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ২০২২ সালে প্রকাশিত কিছু গবেষণায় মানসিক স্বাস্থ্য, সুস্থতা ও জীবনমানের উন্নতির ইঙ্গিত পাওয়া গেলেও অনেক গবেষণারই পদ্ধতিগত সীমাবদ্ধতা ছিল।

২০২৪ সালের একটি সিস্টেম্যাটিক রিভিউতেও বলা হয়েছে, কোন ধরনের সোশ্যাল প্রেসক্রাইবিং কার জন্য এবং কোন পরিস্থিতিতে সবচেয়ে বেশি কার্যকর, তা বোঝার জন্য আরও শক্তিশালী গবেষণা প্রয়োজন।

তবে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রকাশিত আটটি উল্লেখযোগ্য গবেষণার মধ্যে পাঁচটিতে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার ক্ষেত্রে সোশ্যাল প্রেসক্রাইবিংয়ের ইতিবাচক প্রভাব পাওয়া গেছে। এর মধ্যে সর্বশেষ গবেষণাটি ২০২৬ সালের জুলাইয়ে নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

একাকিত্বের সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের নানা সমস্যার সম্পর্কও রয়েছে। দীর্ঘ সময় সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকা হৃদ্‌রোগ ও মস্তিষ্কের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। ফলে স্বাস্থ্যসেবায় মানুষের সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতাকে বিবেচনায় নেওয়ার গুরুত্ব দিন দিন বাড়ছে।

চিকিৎসার বিকল্প নয়

সোশ্যাল প্রেসক্রাইবিংকে কোনোভাবেই চিকিৎসাব্যবস্থার বিকল্প হিসেবে দেখা উচিত নয়। গুরুতর শারীরিক বা মানসিক অসুস্থতার ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ বা থেরাপি অবশ্যই গুরুত্বপূর্ণ।

বরং সোশ্যাল প্রেসক্রাইবিং হলো চিকিৎসার পাশাপাশি একজন মানুষের সামাজিক বাস্তবতা, সম্পর্ক, আগ্রহ ও জীবনযাপনের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার একটি পদ্ধতি।

কারণ অনেক সময় সুস্থ থাকার জন্য শুধু রোগের চিকিৎসাই যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের সঙ্গে মানুষের সংযোগ, অর্থপূর্ণ কাজে যুক্ত থাকা এবং নিজের চারপাশের কমিউনিটির সঙ্গে সম্পর্ক তৈরি করা। সোশ্যাল প্রেসক্রাইবিং সেই জায়গাটিতেই নতুন করে গুরুত্ব দিচ্ছে।

সূত্র: সোশ্যাল প্রেসক্রাইবিং একাডেমি

কালের আলো/এসএ

বিরোধী দল সেজে সংসদে থাকার দরকার নাই: রুমিন ফারহানা

কালের আলো রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
বিরোধী দল সেজে সংসদে থাকার দরকার নাই: রুমিন ফারহানা

হাজারো প্রাণের বিনিময়ে পাওয়া নতুন সংসদে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তবে বিরোধী দল সেজে শুধু ‘না’ ভোট দেওয়ার জন্য এই সংসদে থাকার কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

একই সঙ্গে মহান সংসদে অন্য সংসদ সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল ও অসহিষ্ণু আচরণের তীব্র সমালোচনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল, ২০২৬’-এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আগের দিন সংসদে বক্তব্য দিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকালকে আমি যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ভিন্নমত তোলা যায় বলে আমার মনে হয় নাই। আমি কথা বলার পরে সংসদে যে ধরনের আচরণ লক্ষ্য করেছি, সেটা কোনো গণতান্ত্রিক দেশের সংসদে হয় না।

আমার কথার বিপরীতে কিছু বলার থাকলে সেটা দাঁড়িয়ে বলা যেত, বক্তব্য শেষ করার পরে বলা যেত। শুধু তাই নয়, এই মহান সংসদে আমারই আশেপাশের সংসদ সদস্যগণ অকথ্য ভাষায় গালাগালি করেছেন।
এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে আশ্বস্ত করে বলেন, আমি এই সংসদে বাকস্বাধীনতার পক্ষে। আমি কামনা করি এবং আশা করব প্রত্যেক সদস্য, তিনি সরকারি দলের বা বিরোধী দলের হোন, তার বক্তব্যের সময় প্রতিপক্ষ থেকে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না। গতকাল যা হওয়ার হয়ে গেছে, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই।

স্পিকারের কাছ থেকে সময় নিয়ে রুমিন ফারহানা তার ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, একটি সংসদে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, স্বতন্ত্র সদস্য থাকবেন। একেকজনের মত একেক রকম হতে পারে এবং তা প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত। ২০১৮ সালের সংসদে যখন আমি একা দাঁড়িয়ে আওয়ামী লীগের সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনও আমাকে এই জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এরপর কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু না-তে ভোট দেয়ার জন্য থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।

এরপর তিনি বিলের ওপর আলোচনায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রসঙ্গে কথা বলেন। বিলুপ্ত হওয়া র‍্যাব ও নতুন বাহিনী গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন যে সংস্থা আমরা করতে যাচ্ছি, সেটি যেন কেবলমাত্র পোশাক ও নাম পরিবর্তনের মতো ঘটনা না হয়।

এ সময় স্পিকার তাকে মনে করিয়ে দেন যে, র‍্যাব বাতিলের বিলটি আগেই পাস হয়ে গেছে, এখন এপিবিএন বিল নিয়ে আলোচনা চলছে।

জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আমার একই প্রস্তাবনা থাকবে। বিগত দিনে আমরা যেভাবে মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা হেনস্তা, নির্যাতিত ও ভীত হতে দেখেছি, ভবিষ্যতে আর কোনো সংস্থার এমন আচরণ চাই না। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। আমি আশা করব, সংসদে উপস্থিত দলগুলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। পুলিশ বাহিনী বা অন্য কোনো রাষ্ট্রীয় বাহিনী যেন নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে, দলীয়করণ ও প্রভাবমুক্ত হয়ে কাজ পরিচালনা করতে পারে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার সেই ব্যাপারটি দেখবে।

কালের আলো/এমআর

সিলেটে ৫১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

সিলেট প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
সিলেটে ৫১ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ

সিলেটে ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ ৯০ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন কালাইরাগ, সংগ্রাম, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, সোনারহাট ও নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ মহিষ, গরু, শাড়ি, মেহেদি, জিরা, চকলেট, কম্বল, সুপারি, বিস্কুট, মদ, বিয়ারসহ নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৫১ লাখ ৯০ হাজার ১০০ টাকা।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানের পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই। কিডনি-সংক্রান্ত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর কল্যাণপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই কামাল আহমেদ এবং ‘ছোটদের সময়’ সম্পাদক ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার। এর আগে প্রকাশক কাদের বাবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাঁর মৃত্যুর খবর জানান।

দুই শতাধিক বইয়ের লেখক

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া সাহিত্যচর্চার জন্য দেশ-বিদেশের বিভিন্ন পুরস্কার ও সম্মাননাও পেয়েছেন তিনি।

দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন আমীরুল ইসলাম। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তাঁর প্রকাশিত সব বইই শিশুসাহিত্যের।

গণমাধ্যমেও সক্রিয় ছিলেন

সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম। তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিশুসাহিত্য ও গণমাধ্যমে দীর্ঘ কর্মজীবনে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুতে সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এসএ