খুঁজুন
                               
, ,
           

অবৈধ লোন অ্যাপ থেকে সাবধান, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
অবৈধ লোন অ্যাপ থেকে সাবধান, বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনুমোদনহীন মোবাইল অ্যাপ থেকে ঋণ নিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ ধরনের প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করে বিশেষ বার্তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব অ্যাপে নিবন্ধন বা অ্যাপ ইনস্টল করার পরপরই গ্রাহকের ফোনে থাকা সংরক্ষিত নম্বর, ছবি, ভিডিও, ব্যক্তিগত তথ্য ও মেসেজসহ বিভিন্ন তথ্য নিয়ন্ত্রণকারীদের হাতে চলে যেতে পারে।
পরবর্তীতে ঋণ দেওয়ার পর নির্ধারিত সময়ের আগেই চড়া সুদসহ অস্বাভাবিক পরিমাণ অর্থ দাবি করা হয়। গ্রাহক সেই টাকা পরিশোধে ব্যর্থ হলে ফোনে থাকা ব্যক্তিগত বা স্পর্শকাতর ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের পাশাপাশি গ্রাহকদের হয়রানি ও ব্ল্যাকমেইল করছে চক্রগুলো।
বাংলাদেশ ব্যাংক বলছে, অনুমোদন ছাড়া অনলাইনে অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৫(২) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ। একই আইনের ৩৭(১) ধারায় এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শুধু অবৈধ অ্যাপ পরিচালনাকারীরাই নয়, এসব অ্যাপে নিবন্ধন করে বা ঋণ লেনদেনের মাধ্যমে গ্রাহকরাও অনিচ্ছাকৃতভাবে আইনি জটিলতায় জড়াতে পারেন।
এ কারণে অনলাইনে প্রচারিত কোনো অনুমোদনহীন ঋণ অ্যাপে নিবন্ধন বা ঋণ গ্রহণ না করার পাশাপাশি এসব অ্যাপের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

পাকিস্তানকে ৫৫ রানে গুটিয়ে ৮.৪ ওভারেই ভারতের জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
পাকিস্তানকে ৫৫ রানে গুটিয়ে ৮.৪ ওভারেই ভারতের জয়

নারী এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একতরফা জয় পেয়েছে ভারত। শনিবার দুবাইয়ে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ৮.৪ ওভারেই লক্ষ্য পেরিয়ে গেছে ভারত। ৭ উইকেটের এই জয়ে গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।

নারী টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বনিম্ন অলআউট সংগ্রহ। ভারতের হয়ে শ্রী চরণী ও প্রেমা রাওয়াত ৩টি করে এবং দীপ্তি শর্মা ২টি উইকেট নেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। মুনিবা আলী ও শাওয়াল জুলফিকার মিলে উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করেন। কয়েকবার সুযোগ পেয়েও বেঁচে যান মুনিবা। শেষ পর্যন্ত পঞ্চম ওভারে শাফালি ভার্মার বলে ১৫ বলে ১৩ রান করে ফেরেন তিনি।

এরপরই শুরু হয় পাকিস্তানের ব্যাটিং ধস। তিন বল পর শ্রী চরণীর বলে গুল ফিরোজা ক্যাচ দেন। একই ওভারে জুলফিকারও এলবিডব্লিউ হয়ে ফেরেন। এরপর আয়েশা জাফরকে মিড-অনে হারমানপ্রীত কৌরের হাতে ক্যাচে পরিণত করেন চরণী। ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

এরপর ধস আরও দ্রুত নামে। প্রেমা রাওয়াতের বলে সাদাফ শামাস ৩ রান করে বোল্ড হন। পরের ওভারে দীপ্তি শর্মার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। তখন ৩৫ রানেই ৬ উইকেট হারায় পাকিস্তান।

এরপর আইমান ফাতিমা ও উম্মে-হানি ১০ রানের জুটি গড়লেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। আইমান ৫ রান করে রানআউট হন। উম্মে-হানি রাওয়াতের বলে ক্যাচ দেন। এরপর নাশরা সান্ধুকেও ফেরান রাওয়াত। শেষ ব্যাটার তুবা হাসানকে স্টাম্পড করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন দীপ্তি।

মুনিবা ও জুলফিকার ছাড়া পাকিস্তানের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

মাত্র ৫৬ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ভারত। প্রথম বলেই লং-অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান শাফালি ভার্মা। পরের বলে এক রান নিয়ে নারী টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন তিনি। ২২ বছর ২২০ দিন বয়সে এই মাইলফলকে পৌঁছে সবচেয়ে কম বয়সে ৩ হাজার রান করা ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন শাফালি।

তবে এরপরই কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় পাকিস্তান। দ্বিতীয় ওভারে শাফালিকে ক্যাচ দিয়ে ফেরান ফাতিমা সানা। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন প্রাতিকা রাওয়াল। এরপর হংকংয়ের বিপক্ষে রেকর্ড গড়া ইনিংস খেলা স্মৃতি মান্ধানা ৯ রান করে ফাতিমার পরের ওভারে এলবিডব্লিউ হন।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মা। ঝুঁকি না নিয়ে এক-দুই রান করে লক্ষ্যের দিকে এগিয়ে যান তারা। সপ্তম ওভারে নাশরা সান্ধুর বলে স্লগ-সুইপে চার মেরে ডট বলের ধারাবাহিকতা ভাঙেন দীপ্তি।

এরপর নিজের ১৫০তম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করতে নামা হারমানপ্রীত সান্ধুর বল সোজা মাঠের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান করে ম্যাচ জিতে নেয় ভারত।

গ্রুপ ‘এ’-তে টানা তিন জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত।

কালের আলো/এসএ

 

শাবনূরের ভাইয়ের বাসায় তাসকিন, জমল বারবিকিউ পার্টি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
শাবনূরের ভাইয়ের বাসায় তাসকিন, জমল বারবিকিউ পার্টি

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। সিডনিতে থাকা এই অভিনেত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এবার তার ভাইয়ের বাসায় সময় কাটিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। সেখানে দুই অঙ্গনের জনপ্রিয় এই তারকার দেখা হওয়ার পাশাপাশি জমে ওঠে পারিবারিক আড্ডা ও বারবিকিউ পার্টি।

পরিবার নিয়ে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন তাসকিন। সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে শাবনূরের ভাইয়ের বাসায় অতিথি হন তিনি। সেখানেই শাবনূর ও তাসকিনের দেখা হয়। আনন্দঘন সেই মুহূর্তের কিছু ছবি ও অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন দুজনই।

তাসকিনের সঙ্গে কাটানো সময়ের কথা জানিয়ে শাবনূর সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের বারবিকিউ পার্টিতে দারুণ সময় কেটেছে।

তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটে তাসকিনের অবদানের প্রশংসা করে তাকে দেশের গর্ব হিসেবে উল্লেখ করেন শাবনূর। ভবিষ্যৎ ক্যারিয়ারে তাসকিনের আরও সাফল্য কামনা করেন তিনি।

অন্যদিকে তাসকিনও সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে ‘আপু’ সম্বোধন করে এই সাক্ষাতের আনন্দের কথা জানিয়েছেন। নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে তার পারিবারিক আড্ডার মুহূর্ত ভক্তদের মধ্যেও বেশ আগ্রহ তৈরি করেছে।

দুই ভিন্ন অঙ্গনের জনপ্রিয় এই দুই তারকার এমন আন্তরিক সাক্ষাৎ সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।

কালের আলো/এসএ

২২ বছর আগের ঘটনায় নতুন ফটোকার্ডে বিরক্ত দিলারা জামান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
২২ বছর আগের ঘটনায় নতুন ফটোকার্ডে বিরক্ত দিলারা জামান

প্রায় ২২-২৩ বছর আগের একটি ঘটনাকে নতুন করে ফটোকার্ড আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। সম্প্রতি তার নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। সেই দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিলেও ভাড়ার টাকা না পেয়ে একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয় এবং বর্তমানে তিনি ছোট্ট একটি বাসায় ভাড়া থাকেন।

তবে বিষয়টি শুনে বিস্মিত হয়েছেন দিলারা জামান। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্যের কোনো সত্যতা নেই।

এ বিষয়ে বিরক্তি প্রকাশ করে দিলারা জামান বলেন, “মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব!”

বাড়ি দখলের ঘটনার বিষয়ে তিনি বলেন, “এটি ২২-২৩ বছর আগের ঘটনা। ২০০৩-২০০৪ সালের দিকে শ্যামলী এলাকায় পৈতৃক বাড়িতে থাকতাম। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে পত্রিকায় খবর প্রকাশিত হলে সংশ্লিষ্টদের টনক নড়ে। এরপর সেই দখলের পরিস্থিতি আর এগোয়নি।”

অভিনেত্রী জানান, সেই বাড়িটি বর্তমানে আর নেই। তিনি বাড়িটি বিক্রি করে দিয়েছেন। ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে আসেন এবং সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে বসবাস শুরু করেন।

দিলারা জামান বলেন, “তারপর থেকে এখানেই থাকছি। দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গিয়ে কিছুদিন থাকি। এখন আর তেমন দেশের বাইরে যাওয়া হয় না। অভিনয় নিয়েই ব্যস্ততা। উত্তরায় নিজের ফ্ল্যাটেই থাকি।”

এত বছর পর পুরোনো সেই ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “এত বছর পর পুরোনো সেই ঘটনা নতুন করে কেন বা কারা ছড়াল। হঠাৎ করে এই ধরনের আজগুবি তথ্য সামনে কীভাবে এল, নিজেই তো অবাক হয়ে গেলাম!”

কালের আলো/এসএ