ভিএমএতে বিটিএসের তিন পুরস্কার
প্রায় চার বছর পর পূর্ণ সদস্য নিয়ে ফেরার বছরেই বড় সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস বা ভিএমএতে তিনটি পুরস্কার জিতেছে গ্রুপটি।
‘সুইম’ গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে বিটিএস। একই অনুষ্ঠানে তারা পেয়েছে ‘বেস্ট কে-পপ’ এবং ‘বেস্ট গ্রুপ’ পুরস্কারও। রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এ পুরস্কার ঘোষণা করা হয়। তবে অনুষ্ঠানে বিটিএসের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
ভক্তদের ধন্যবাদ বিটিএসের
পুরস্কার পাওয়ার পর এজেন্সি বিগহিট মিউজিকের মাধ্যমে বিবৃতি দিয়েছে বিটিএস। সেখানে গ্রুপের সদস্যরা তাঁদের ভক্তদের, যাঁদের ‘আর্মি’ নামে ডাকা হয়, ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
সদস্যরা বলেন, ‘সুইম’ গানটি তাঁদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর মূল গান। তাঁদের কাছে ‘আরিরাং’ একটি নতুন শুরুর প্রতীক। তাই এই অ্যালবামের গান দিয়ে পাওয়া পুরস্কারগুলো তাঁদের কাছে আরও বিশেষ অর্থ বহন করছে।
‘সুইম’-এর সাফল্য
মার্চে প্রকাশের পর থেকেই ‘সুইম’ আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সাড়া ফেলে। গানটি বিলবোর্ড হট ১০০-এর ৪ এপ্রিলের তালিকায় শীর্ষে ওঠে। যুক্তরাজ্যের অফিশিয়াল সিঙ্গেলস চার্টেও গানটি দ্বিতীয় স্থানে ছিল।
এ ছাড়া স্পটিফাইয়ের বৈশ্বিক দৈনিক গানের তালিকায় টানা ২৫ দিন শীর্ষে ছিল ‘সুইম’।
‘সং অব দ্য ইয়ার’ বিভাগে বিটিএসের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছিল ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টারের ‘ব্রিং ইয়োর লাভ’, রেইয়ের ‘হয়্যার ইজ মাই হাজব্যান্ড!’, এলা ল্যাংলির ‘চুজিন’ টেক্সাস’ এবং ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবির ‘গোল্ডেন’।
‘বেস্ট গ্রুপ’ বিভাগে পঞ্চম জয়
ভিএমএর ‘বেস্ট গ্রুপ’ বিভাগেও নতুন রেকর্ড গড়েছে বিটিএস। এবার নিয়ে পঞ্চমবার এই পুরস্কার পেল তারা।
এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চারবার ‘বেস্ট গ্রুপ’ পুরস্কার জিতেছিল বিটিএস। ভিএমএর ইতিহাসে এই বিভাগে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া দল এখন তারা।
২০১৯ সালে প্রথমবার ভিএমএতে মনোনয়ন পাওয়ার পর থেকে একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে বিটিএস। ‘বেস্ট কোরিওগ্রাফি’, ‘সং অব দ্য সামার’সহ বিভিন্ন বিভাগে পুরস্কার জিতেছে তারা। ২০২০ সালে ‘অন’ গানের জন্য ‘বেস্ট পপ’ পুরস্কারও পেয়েছিল গ্রুপটি।
এবারের তিন পুরস্কার যোগ হওয়ায় ভিএমএতে বিটিএসের মোট পুরস্কারের সংখ্যা এক ডজন ছাড়িয়েছে।
বিশ্ব সফরে বিটিএস
ভিএমএতে সাফল্যের পর বিশ্ব সফরে যাচ্ছে বিটিএস। শুক্রবার কলম্বিয়ার বোগোতা থেকে শুরু হবে ‘বিটিএস ওয়ার্ল্ড ট্যুর—আরিরাং’-এর দক্ষিণ আমেরিকা পর্ব।
এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে কনসার্ট করবে গ্রুপটি। দক্ষিণ আমেরিকার পাঁচটি শহরে মোট ১৪টি কনসার্ট করার কথা রয়েছে।
ইতিহাস গড়লেন ব্ল্যাকপিংকের লিসা
এবারের ভিএমএতে আরেকটি উল্লেখযোগ্য অর্জন এসেছে কে-পপ তারকা লিসার হাত ধরে। ব্ল্যাকপিংকের এই সদস্য ‘ড্রিম’ গানের জন্য ‘বেস্ট পপ’ পুরস্কার পেয়েছেন।
ভিএমএর ইতিহাসে ‘বেস্ট পপ’ বিভাগে পুরস্কার পাওয়া প্রথম এশীয় একক শিল্পী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন লিসা।
ফলে এবারের ভিএমএ কে-পপের জন্য বিশেষ একটি আয়োজন হয়ে উঠেছে—একদিকে প্রত্যাবর্তনের বছরেই বিটিএসের তিন পুরস্কার, অন্যদিকে একক শিল্পী হিসেবে লিসার নতুন ইতিহাস।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array