খুঁজুন
                               
, ,
           

সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির

অসুস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ মে) তিনি সারজিস আলমের বাসায় গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান অসুস্থ নেতার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এর আগে অসুস্থ সহযোদ্ধাকে দেখতে হাসপাতালে যান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি চিকিৎসাধীন সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

এ ছাড়া সারজিস আলমকে দেখতে যান এনসিপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আরিফুল ইসলামসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা।

উল্লেখ্য, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম মূত্রনালীতে পাথরের সমস্যার কারণে মঙ্গলবার জরুরি অস্ত্রোপচার করিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কালের আলো/আরডি/এমডিএইচ

সাংবাদিকরা ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
সাংবাদিকরা ফুটবলারদের অসুস্থ করে ফেলছে: নেইমার

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তার অভিযোগ, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশের কারণে ফুটবলারদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন সান্তোস ফরোয়ার্ড।

গত কয়েক সপ্তাহ ধরেই ব্রাজিলের সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ নেইমার। বিশ্বকাপ থেকে ফেরার পর তাকে নিয়ে ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ এবং পরে সান্তোসের ড্রেসিংরুমের বিভিন্ন ঘটনা গণমাধ্যমে আসার পর থেকেই তার অসন্তোষ বাড়তে থাকে।

তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নেইমার। তার দাবি, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে নেইমার বলেন, আমার মনে হয় ব্রাজিলের সংবাদমাধ্যমের একটি বড় অংশ সব ফুটবলারকে অসুস্থ করে ফেলবে। এটি সবচেয়ে পরিচিত পেশাগুলোর একটি, কিন্তু একই সঙ্গে সবচেয়ে বেশি আক্রমণের শিকারও। তাই সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত। কারণ বেশিরভাগ খবরই সত্য নয়। এতে ক্ষতিগ্রস্ত হন খেলোয়াড়, তাদের পরিবার, ভক্ত এবং পেশাগত জীবন।

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও তুলে ধরেন ব্রাজিলিয়ান এই তারকা। তিনি বলেন, একজন ফুটবলারের মানসিকভাবে শক্ত হওয়া প্রয়োজন। আমার মানসিকতা হয়তো শক্ত, কিন্তু সবার ক্ষেত্রে তা নয়। কেউ বেশি কষ্ট পায়, কেউ কম। তাই আমি শুধু অনুরোধ করব, হাতে মাইক্রোফোন থাকলেই যেন যা খুশি বলা না হয়। কারণ পরদিন খবরটি ভুল প্রমাণিত হলেও অনেক সময় তার কোনো সংশোধন হয় না। এসব একসময় সীমা ছাড়িয়ে যায়।

নেইমারের মতে, দায়িত্বশীল সাংবাদিকতাই খেলোয়াড়দের মানসিক সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কালের আলো/এসএকে

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে অদ্য মঙ্গলবার সকাল ১১.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় এবং ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত কোন লেবেল না থাকায় নগরীর হড়গ্রাম বাজার এলাকায় অবস্থিত অলিম্পিয়া সুইটস প্রতিষ্ঠানটিকে ১৫,০০০/- (পনের হাজার টাকা মাত্র) জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

দীর্ঘ বিরতি কাটিয়ে ফের মঞ্চে ফিরছে আরণ্যকের প্রশংসিত নাটক ‘কম্পানি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
দীর্ঘ বিরতি কাটিয়ে ফের মঞ্চে ফিরছে আরণ্যকের প্রশংসিত নাটক ‘কম্পানি’

দীর্ঘ দিন বিরতির পর আবারও মঞ্চ কাঁপাতে আসছে নাট্যদল আরণ্যকের আলোচিত ও প্রশংসিত প্রযোজনা ‘কম্পানি’। আগামী মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির বিশেষ প্রদর্শনী। ইতিহাস, রাজনীতি ও অর্থনৈতিক শোষণের প্রখর বিশ্লেষণধর্মী এই নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ।

আরণ্যকের ৬৬তম এই প্রযোজনাটি প্রথম মঞ্চে আসে ২০২৪ সালের এপ্রিলে। ঈদ উপলক্ষে সে সময় টানা পাঁচটি প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের নজর কাড়ে এটি। ইউরোপীয় বণিকদের ভারতবর্ষে আগমন থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা দখল, পলাশীর যুদ্ধ, মীর জাফর-জগৎশেঠের ষড়যন্ত্র এবং নবাব সিরাজউদ্দৌলার পতনের ইতিহাসই এ নাটকের মূল উপজীব্য।

নাটকটির প্রাসঙ্গিকতা তুলে ধরে নির্দেশক ও নাট্যকার মামুনুর রশীদ জানান, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কৌশল ও শোষণের পথ তৈরি করেছিল, আজও বিশ্বব্যবস্থায় ও রাজনীতিতে বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো সেই একই ক্ষমতার চর্চা চালিয়ে যাচ্ছে। লুণ্ঠন ও সম্পদ পাচারের সংস্কৃতি এখনও অব্যাহত থাকায় এই নাটকের বার্তা বর্তমান সময়েও ভীষণ অর্থবহ।

নাটকটির শেষ দৃশ্যে একজন আধুনিক শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ নিজেই। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাজ্জাদ সাজু, আরিফ হোসেন আপেল, কামরুল হাসান, রুবলী চৌধুরী, সাঈদ সুমন, শাহারান খান, সুজাত শিমুল, জুবায়ের জাহিদ ও মরু ভাস্করসহ আরণ্যক নাট্যদলের একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী। বিভিন্ন ভাষা ও বৈচিত্র্যময় গানের ব্যবহারে সমৃদ্ধ এই নাটকটি দর্শকদের নতুন ভাবনার খোরাক দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কালের আলো/এসএ